ইংল্যান্ডে বাবর আজমের ঝড়ো সেঞ্চুরি (ভিডিও)

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০২:৪০ পিএম

ইংল্যান্ডে চলতি টি-টোয়েন্টি ব্লাস্টে হ্যাম্পশায়ারের বিপক্ষে ব্যাটে ঝড় তুললেন ওপেনার বাবর আজম। পাকিস্তানী এই ব্যাটসম্যানের দাপুটে ব্যাটিংয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় জয় পেয়েছে সোমারসেট।

সাউদাম্পটনের রোজ বলে স্টেডিয়ামে শুক্রবার টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে সোমারসেট। দলীয় সাত রানেই ওপেনার টম ব্যান্টন উইকেট ছাড়া হলে অপর প্রান্ত আগলে রাখেন বাবর। মারমুখো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন পাকিস্তানী এই ব্যাটসম্যান। তার ৫৫ বলের ইনিংসটিতে রয়েছে সাতটি চার ও ছয়টি ছক্কার মার! এর মধ্যে তৃতীয় উইকেটে অধিনায়ক টম অ্যাবেলের সঙ্গে ১১৩ রানের কার্যকরী একটি জুটি গড়েন বাবর।

বাবরের শতক ও অ্যাবেলের অর্ধশতকে (৫৭) নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২০২ রানের সংগ্রহ দাঁড় করায় সোমারসেট।

জবাবে হ্যাম্পশায়ার ১২.১ ওভারে ৬ উইকেটে ৬৯ রান সংগ্রহ করলে বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তী আর ম্যাচ মাঠে গড়া সম্ভব হয়নি। বৃষ্টি আইনে ৬৩ রানের জয় পায় সোমারসেট।

ঝড়ো সেঞ্চুরিতে আঠারো দলের এই টুর্নামেন্টে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বাবর আজম। আট ইনিংসে এক শতক ও তিন অর্ধশতকে তার রান ৪২৫।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত