তিন দশক পর হাতিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপ একসঙ্গে একই স্থানে জাতীয় শোকদিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা আ.লীগের এক বর্ধিত সভা হাতিয়া আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউসের বাসভবনে অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা আ.লীগের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহাম্মদ, সহসভাপতি কেফায়েত উল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আল মামুনসহ স্থানীয় আ.লীগ নেতারা বক্তব্য দেন। সভায় আগামী ১৫ আগস্ট দলের দুই গ্রুপ একইসঙ্গে এক স্থানে জাতীয় শোকদিবস পালন এবং দ্রুত উপজেলা পর্যায়ে একটি দলীয় কার্যালয়ের জন্য স্থান নির্ধারণ এবং ভবন নির্মাণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়।
জানা যায়, গত বছর পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ওয়ালী উল্লাহ ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলীর নেতৃত্বে তাদের সমর্থক আলাদাস্থানে জাতীয় শোকদিবস পালন করে।
