অবশেষে পরিচালকের সঙ্গে প্রেম হয়েছে: পরী মনি

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০১:২৭ পিএম

ঢাকাই ছবির এই সময়ের ক্রেজ পরী মনি। বর্তমানে চয়নিকা চৌধুরীর ‘বিশ্ব সুন্দরী’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবি ও নানা প্রসঙ্গে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

বিশ্ব সুন্দরীর শুটিং কেমন চলছে
শুটিং ভালো চলছে।

‘বিশ্ব সুন্দরী’তে পরীকে কেমন চরিত্রে দেখা যাবে?
এটা তো বলা যাবে না। চরিত্রের বিষয়ে বলে ফেললে দর্শক হলে গিয়ে কী দেখবে?

চয়নিকা চৌধুরীর সঙ্গে প্রথমবার কাজ করলেন। ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
লোকে একটা কথা বলে না যে, নায়িকা পরিচালকের মধ্যে একটা প্রেম থাকে। এত দিন ফিল্মে কাজ করেছি কিন্তু কোনো পরিচালকের প্রতি প্রেম ফিল হয় নাই। ফাইনালি এই ছবিতে আমার সঙ্গে পরিচালকের প্রেম হয়েছে। আর সেটা হচ্ছে চয়নিকা চৌধুরীর সঙ্গে। ধরেন; শুটিং শেষ হয়েছে, আমরা চলে যাব। দিদি আমাকে ধরে কাঁদতেছে, আমিও কাঁদতেছি। দিদি বলতেছে, তোমাকে ছাড়া আমি যাব না। এমন একটা সম্পর্ক হয়ে গিয়েছিল দিদির সঙ্গে।

সিয়ামকে নিয়ে আপনি অনেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, ও নায়ক হবে
সেটা তো এখন সত্যি। ও আসলেই নায়ক হয়ে গেছে। ওর সঙ্গে পূজা জুটি হয়েছে। এটা অনেক সুন্দর একটা ব্যাপার। ও তখন নাটকে কাজ করত। আমি তো ওইভাবে ভেবে-টেবে কথাটা বলিনি। সিয়ামও সেভাবে নেয়নি। কিন্তু একটা সময়ে এসে ও নায়ক হয়ে গেছে। শুধু তাই নয় রীতিমতো আলোড়নও তৈরি করেছে। এটা অবশ্যই ভালো ব্যাপার।

অন্য কাজের খবর কী?
আমার কাছে আরও চারটা স্ক্রিপ্ট আছে। আগে ‘বিশ্বসুন্দরী’র কাজ শেষ করে তারপর বাকিগুলোর সিদ্ধান্ত নেব। ‘স্বপ্নজালের’ পর থেকেই আমি এটা মেইনেটইন করে আসছি। একটা ছবির কাজ শেষ করার আগে অন্য ছবির কাজ করতে চাই না। ‘বিশ্ব সুন্দরী’র কাজ শেষ করেই অন্য ছবির ঘোষণা দেব।

গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘স্বপ্নজ্বালে’র পর থেকে আপনি অনেক বেছে বেছে কাজ করছেন। এই পরিবর্তনের পেছনে অনুপ্রেরণা কোথায় পেয়েছেন?
এটার সম্পূর্ণ ক্রেডিট সেলিম ভাইকে দিতে চাই। একদম কোনো কার্পণ্য ছাড়াই দিতে চাই। শতভাগ ক্রেডিট তারই। কারণ সেলিম ভাই আমাকে ফিল করিয়েছে যে একজন আর্টিস্টের ভূমিকা আসলে কী হওয়া উচিত। ফলে ওই বিষয়টা আমি এখন ফিল করি।

image

একটা ছবি প্রযোজনা করার কথা ছিল আপনার? সেটার খবর কী?
ছবিটি অবশ্যই সামনে আসবে। ওটার কাজ আগাচ্ছে। শিগগিরই এটার আপডেট মানুষ জানতে পারবে। আর এই মুহূর্তে আমি ‘বিশ্ব সুন্দরী’র কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই।

আপনার পছন্দের নায়ক কে? কার সঙ্গে কাজ করতে আপনি বেশি আগ্রহী?
নায়ক চয়েজের ক্ষেত্রে যেহেতু নায়িকার কোনো হাত থাকে না ফলে আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। এটা পরিচালক, প্রযোজকেরাই সিদ্ধান্ত নেয়। ফলে পছন্দ-অপছন্দ বলেও লাভ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত