ঢাকায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশগ্রহণ করতে গিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে তপন কুমার মণ্ডল নামে মাদারীপুরের এক স্বাস্থ্য সহকারী মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তপন কুমার মণ্ডলের পরিবার ও তার সহকর্মীরা জানান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি অফিসের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশ থেকে ১২৬ স্বাস্থ্য সহকারীকে ঢাকার বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়। মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে ২৯ জুলাই সাতজনকে ঢাকা পাঠানো হয়। তাদের মধ্যে স্বাস্থ্য সহকারী তপন কুমার মণ্ডলও (৪০) ঢাকায় যান।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে যে সাত সদস্যের দল ছিল তাতে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি হিসেবে ছিলেন তপন কুমার মণ্ডল। ঈদের কয়েক দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঈদের আগের দিন অসুস্থ শরীর নিয়েই দেশের বাড়ি ফিরে আসেন। এরপর মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হলে ডেঙ্গু শনাক্ত হয়। পরে তাকে দ্রুত ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হয়েছিল।
বাংলাদেশ স্যানিটারি ইন্সপেক্টরশিপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মজিবর রহমান উজ্জ্বল জানান, স্বাস্থ্য সহকারীদের মধ্যে এই ধরনের কার্যক্রম পরিচালনার জন্য যাদের স্যানিটারি ইন্সপেক্টরশিপ করা আছে তাদের এবার দায়িত্ব দেওয়া হয়েছে। তপন কুমার মণ্ডলও একই কোর্স করেছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। তিনি বিবাহিত এবং তার ছোট ছোট দুই সন্তান রয়েছেন। তার মৃত্যুতে পরিবারের সদস্য ও জেলায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
