শিশুদের গরুর রচনা না পড়িয়ে ডেঙ্গু নিয়ে পড়াতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০৫:২২ পিএম

স্কুলের শিশুদের পাঠ্যবইয়ে গরুর রচনা না পড়িয়ে ডেঙ্গু নিয়ে পড়াতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। 

শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ডেঙ্গুবিষয়ক অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। 

তাজুল ইসলাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় আরো সচেতন হতে হবে। পাঠ্যপুস্তকে গরুর রচনা না পড়িয়ে ডেঙ্গু মশা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পড়ানোর কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ঢাকা শহরকে হংকং-সিঙ্গাপুর বানানো হবে। মশা নিয়ে গবেষণা করতে হবে। সেই সঙ্গে এখান থেকে শিক্ষা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তরের প্রত্যেকটি ওয়ার্ডকে ১০ ভাগে ভাগ করে চিরুনি অভিযান চালানো হবে। সেই সঙ্গে কোনো বাসায় যদি এডিস মশার লার্ভা পাওয়া যায় তবে জরিমানা করা হবে।

এ ছাড়া নতুন ও কার্যকর ওষুধ দেওয়া হচ্ছে বলেও জানান মেয়র।

এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানও বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত