ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে বাবা নিখোঁজ

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০৯:৩৫ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলার বিষখালী নদীতে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে লিটন সিকদার (৩৬) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

ছেলেকে স্থানীয় জেলেরা নদী থেকে উদ্ধার করতে পারলেও বাবা লিটন সিকদার এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ লিটন সিকদারের সন্ধানে সোমবার সকাল থেকে বিশখালী নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত লিটন সিকদারের কোন খোঁজ পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ লিটন সিকদার উপজেলার চাঁনপুরা গ্রামের আজিজ সিকদারের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চাঁনপুরা গ্রামের লিটন সিকদার তার ছয় বছর বয়সী ছেলে রামিন সিকদারকে নিয়ে রবিবার বিকেলে ইলিশ মাছ ধরার জন্য নৌকায় করে বিষখালী নদীতে যায়। মাঝ নদীতে জাল টেনে ওঠানোর সময় রামিন নদীতে পড়ে যায়।

এসময় ছেলেকে উদ্ধারের জন্য লিটন সিকদার নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনা দেখে অন্য জেলেরা এসে ছেলে রামিনকে উদ্ধার করতে পারলেও লিটন নদীতে ডুবে যায়। এরপর জেলেরা নদীতে অনেক খোঁজাখুঁজি করলেও লিটন সিকদারের কোন সন্ধান করতে পারেনি।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে আজ সোমবার সকালে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি বিষখালী নদীতে উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে নদীতে জোয়ার থাকায় এখনো নিখোঁজ জেলে লিটন সিকদারের সন্ধান পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত