দেশে ডেঙ্গু ছড়ানোর জন্য ঢাকার দুই মেয়র দায়ী : এমপি কেরামত

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১১:১৯ পিএম

সারা দেশে ডেঙ্গু ছড়ানোর জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র দায়ী বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সরকারদলীয় এমপি কাজী কেরামত আলী। গতকাল সোমবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ কথা বলেন তিনি।

এমপি কেরামত বলেন, ‘ঢাকা শহরে নকল ওষুধ ছিটানোর কারণে ডেঙ্গু এত দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্তরা পরে বিভিন্ন এলাকায় গেলে সারা দেশেই রোগীর সংখ্যা বেড়ে যায়।’ এ সময় তার স্ত্রীর তিনবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য জানান তিনি।

জেলা বিএমএর সভাপতি ডা. গোলাম মোস্তফা বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি অনেক স্বাভাবিক রয়েছে। এর চেয়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা সারা দেশে অনেক বেশি। এ কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে পদত্যাগ করা উচিত।’

সভায় সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণ কাজের অগ্রগতি, শূন্য পদে চিকিৎসক পদায়ন ও কর্মচারী স্বল্পতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের চার সহসভাপতি, ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস, রোটারি ক্লাবের সভাপতি আবদুস সালাম মণ্ডল, প্রেস ক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত