টাইগারদের দায়িত্ব নিতে ঢাকায় ডমিঙ্গো

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০৫:৫৬ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিতে রাসেল ডমিঙ্গো এখন ঢাকায়। মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছান এই দক্ষিণ আফ্রিকান। বুধবার থেকে টাইগারদের অনুশীলনে যোগ দেওয়ার কথা তার।

বিশ্বকাপের পর স্টিভ রোডসকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর শ্রীলঙ্কা সিরিজ অন্তর্বর্তীকালীন কোচের অধীনে খেলে বাংলাদেশ দল। গেল শনিবার ডমিঙ্গোকে নতুন কোচ হিসেবে চূড়ান্ত করে বিসিবি। ঈদের আগে বিসিবিতে এসে সাক্ষাৎকার দিয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক এই কোচ।

দায়িত্ব পাওয়ার পর ডমিঙ্গোর প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজ। এরপর জিম্বাবুয়ে ও আফগানদের নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজও রয়েছে। সিরিজ দুটি সামনে রেখে সোমবার থেকে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প।

এদিকে ডমিঙ্গোর আগেই বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তার স্বদেশি চার্লস ল্যাঙ্গাভেল্ট। এদিন ঢাকায় এসেছেন তিনিও। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকায় পা রাখেন ল্যাঙ্গাভেল্ট।

জাতীয় দলের কোচিং স্টাফে এখন প্রোটিয়াদের আধিক্য। প্রধান কোচ ও বোলিং কোচ তো আছেই। আগে থেকেই টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন নিল ম্যাকেঞ্জি। ফিল্ডিং কোচ হিসেবে আছেন রায়ান কুক।

স্পিন বোলিং কোচ শুধু অন্য দেশের। হাই-প্রোফাইল ড্যানিয়েল ভেট্টোরিকে স্পিন বোলিং কোচ হিসেবে চূড়ান্ত করেছে বিসিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত