ঢাকা বিশ্ববিদ্যলয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে ও তার নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধন থেকে ভিপির উপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আহ্বান জানানো বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে ও তার নিরাপত্তার দাবিতে’ এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ও ছাত্রলীগের অভিভাবক হিসেবে শেখ হাসিনা ছাত্রলীগের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় তিনি এড়াতে পারে না। এই হামলার সাথে জড়িতদের খুঁজে বের করা তার দায়িত্ব।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত তাবাসসুম বলেন, ডাকসুর ভিপি নুরুল হক নুর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি নয় বরং সমগ্র দেশের ছাত্রদের প্রতিনিধি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তখন আমরা সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ভিপি নুরের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা ‘আর কতো হামলা হলে ভিপি নুর মুক্তি পাবে’, ‘সন্ত্রাসীরা নিপাত যাক ছাত্র সমাজ মুক্তি পাক’, ‘যেখানে ভিপি অনিরাপদ সেখানে সাধারণ শিক্ষার্থী কীভাবে নিরাপদ’ ইত্যাদি প্লাকার্ড প্রদর্শন করেন।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ডাকসু ভিপি ২০১৮ সালের ৩০শে জুন থেকে ২০১৯ সালের ১৪ আগস্ট পর্যন্ত আটবার হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।
সর্বশেষ গত ১৪ আগস্ট বুধবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীদের দ্বারা হামলার শিকার হন ভিপি নুর। এসময় নুর ছাড়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বেশ কয়েকজন নেতা আহত হোন। পরে পুলিশ গিয়ে নুরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
