সাভারে জমি নিয়ে বিরোধের জের ধরে রাতের আঁধারে এক আওয়ামী লীগ নেতার মার্কেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে গণস্বাস্থ্য কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার ভোর রাতে উপজেলার ঘোড়াপির মাজারের সামনে এই ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ও র্যাব ৪ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী মার্কেট মালিক সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির আহমেদ বলেন, ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফর উল্লার সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার ভোররাতে গণস্বাস্থ্য কর্তৃপক্ষ ১৫ শতাংশ জমিতে নির্মিত আমার ১৫টি দোকান ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় এবং দোকানে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে এসে একজনকে আটক করে পুলিশে দিয়েছি। ঘটনাটি থানা-পুলিশ ও র্যাব জানানো হলে তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে হামলা ও ভাঙচুরের বিষয়ে গণস্বাস্থ্য হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের বলেন, নাছির আহমেদের সঙ্গে আমাদের জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনগত ভাবেই বিষয়টি মোকাবিলা করব। কিন্তু কে বার কারা তাদের মার্কেট ভাঙচুর করেছে সে বিষয়টি আমাদের জানা নাই।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ঘোড়াপির মাজার এলাকায় একটি মার্কেট ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
