রাজধানীর সূত্রাপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাকে গতকাল বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করছে সূত্রাপুর থানা পুলিশ। তবে রাজনৈতিক কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকার কোনো মামলা বা রাজনৈতিক কোনো কারণে রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করা হয়নি। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফলে। ওখানকার এক চেয়ারম্যান তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
রেজাকে ‘ভালো ছেলে’ দাবি করে ওসি আরও বলেন, ‘তার বিরুদ্ধে আমাদের বা বাউফল থানা পুলিশের তদন্তে কোনো অপরাধ পাওয়া যায়নি। মারামারির ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগসংক্রান্ত এজাহারে নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ এদিকে রেজাকে গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা থানায় গিয়ে ভিড় জমিয়েছেন।
