উচ্চাভিলাষী অর্থনীতি অর্জনে আমিরাতকে গুরুত্বপূর্ণ বন্ধু ভাবছেন মোদি

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০৩:১১ পিএম

আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ হাজার বিলিয়ন ডলারের অর্থনীতি লক্ষ্যমাত্রায় আরব আমিরাতকে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার হিসেবে দেখছে ভারত।

গালফ নিউজ জানায়, আরব আমিরাতের সংবাদ সংস্থা ডব্লিউএএমকে এক সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটাই বলেন। 

শুক্রবার দুই দিনের সফরে আরব আমিরাতে যান ভারতের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশটিতে এটি মোদির তৃতীয় সফর।

২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় এসেই মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব বাড়ান মোদি। ৩৪ বছরের মধ্যে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী আরব রাষ্ট্রটিতে সফর করেন। 

সাক্ষাৎকারে মোদি বলেন, “দেশি বিদেশি বিনিয়োগ ও পারস্পরিক অংশীদারত্বের মাধ্যমে ৫ হাজার বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে সংযুক্ত আরব আমিরাতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করি।”

তিনি বলেন, “ভারত ২০২৪-২৫ সালের মধ্যে ৫ হাজার বিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের উচ্চাভিলাষী যাত্রা শুরু করেছে। যদিও এটি অর্জন করার মতো না। তবুও আগামী পাঁচ বছরের মধ্যে ১৭০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি আমরা। অর্থনীতিকে এই জায়গায় নিয়ে যেতে সরকার দেশি বিদেশি বিনিয়োগকে উৎসাহ দিতে কাজ করে যাচ্ছে।”

ভারতে গুরুত্বপূর্ণ খাতগুলোতে আরব আমিরাতের বিনিয়োগ বাড়ছে বলে জানান মোদি। তিনি বলেন, “আরব আমিরাত-ভারতের সম্পর্ক এখন অন্য সময়ের তুলনায় সর্বোচ্চ শিখরে।”

মোদি বলেন, “নবায়নযোগ্য জ্বালানি, খাদ্য, বন্দর, বিমানবন্দর, প্রতিরক্ষা প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আরব আমিরাত। অবকাঠামো এবং আবাসন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে তারা।”

তিনি বলেন, “২০১৮-১৯ সালে ৬০ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্যের মাধ্যমে আরব আমিরাত এখন ভারতের তৃতীয় অংশীদার। ভারতে ৭৫ বিলিয়ন ডলারের যে প্রতিশ্রুতি আরব দেশটি দিয়েছে, সেটি বাস্তবায়নে দুই দেশই নিবিড় ও দৃঢ়তার সঙ্গ কাজ করে যাচ্ছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত