বাগেরহাট ও নীলফামারীতে দুই শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০৬:১১ পিএম

বাগেরহাট ও নীলফামারীতে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ রবিবার দুই জেলা থেকে এই শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে।

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া পালপাড়া গ্রামে সড়কের পাশের একটি নালা থেকে নিখোঁজের দুই দিন পর রোববার দুপুরে কল্যাণ পালের (১০) মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, নীলফামারীর ডিমলা সদর উপজেলার ছোটপুল সংলগ্ন আরডিআরএস পুকুর থেকে শিশু সাবেতের (৬) মৃতদেহটি উদ্ধার করা হয়।

বাগেরহাট প্রতিনিধি জানান, কল্যাণ পাল কার্ত্তিকদিয়া গ্রামের পালপাড়ার কমল কৃষ্ণ পালের ছেলে এবং এলাকার সাজ্জাদ কাদের আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

পরিবার জানায়, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে পার্শ্ববর্তী যাত্রাপুর বাজারে যাওয়ার উদ্দেশে বেরিয়ে শিশুটি আর ফেরেনি। এরপর অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তারা পুলিশকে জানায়। এ ঘটনায় ওই দিন রাতেই শিশুটির নানা সুব্রত কুমার পাল বাগেরহাট মডেল থানায় কল্যাণের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

কমল কৃষ্ণ পালের মামা বিশ্বজিৎ পাল রোববার বিকেলে সাংবাদিকদের বলেন, পালপাড়া গ্রামের রাস্তার পাশের একটি নালার পড় থেকে গাবাদী পশুর জন্য ঘাস কাটার সময় এক নারী মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করে। জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি কল্যাণের মরদেহ। কল্যাণের গলায় একটি ছুরির কাঁটা দাগ আছে।

তাদের বা কমলের পরিবারের সঙ্গে স্থানীয় কারও কোন বিরোধ নেই বলেও দাবি বিশ্বজিতের।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিশুটির গলার কাছে ধারালো কোনো কিছুর আঘাতের ক্ষত রয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

অন্যদিকে, দেশ রূপান্তরের নীলফামারী প্রতিনিধি জানান, রোববার দুপুরে ডিমলা সদর উপজেলার ছোটপুল সংলগ্ন আরডিআরএস পুকুর থেকে শিশু সাবেতের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শিশু সাবেত শরীয়তপুর জেলার আব্দুস সালামের ছেলে ও পচারহাট ব্যঙ্গের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে ডিমলা পচারহাট এলাকায় নানা হামিদুল হকের বাড়িতে থাকত।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সাবেত। রোববার সকালে ওই পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন শেখ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে জিডির প্রস্তুতি চলছে। পরিবারের সদস্যরা চাইলে মামলা অন্তর্ভুক্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত