বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে ভর্তি থাকা একজন রোগী আহত হয়েছেন। গত শনিবার রাত ১১টার দিকে হাসপাতালের পুরনো ভবনের দোতলায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে হাসপাতালে ভর্তি রোগী ও রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আহত আবদুল মান্নান মীর (৮৪) কচুয়া উপজেলা সদরের প্রয়াত খোরশেদ আলীর ছেলে। গত বৃহস্পতিবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পলেস্তারা খসে পড়ার খবর পেয়ে রবিবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারা ওই ভবনে আর স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা না করারও সুপারিশ করেছেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বেলফার হোসেন এই প্রতিবেদককে বলেন, মশারি টাঙানো থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়। খসে পড়া কংক্রিটের আঘাতে তিনি মাথা, বুক ও হাতে আঘাত পান।
