মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির ফুলছড়া চা বাগানে মনির হোসেন (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চা শ্রমিকদের বিরুদ্ধে। এ সময় তাদের হামলায় আহত হয়েছেন জহির মিয়া নামে এক যুবক। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
রবিবার রাতে উপজেলার কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। মনির শহরতলীর মুসলিমবাগ এলাকার আকিল মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল পৌর শহরের মিদাদ শপিংয়ের একজন ব্যবসায়ী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাতে উপজেলার ফুলছড়া চা বাগানের নাটমন্দিরের সামনে মনিরের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই বাগানের চা শ্রমিকদের। এ ঘটনার জের ধরে চা শ্রমিকরা তাকে পিটিয়ে আহত করে। পরে মনিরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সময় মনিরের সঙ্গে থাকা একই এলাকার নাজমুল হোসেনের ছেলে আহত জহির মিয়াকেও আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। আটকরা হলেন- ওই এলাকার সঞ্জীব, জাহাঙ্গীর, চন্দন, পল্লব নায়েক ও উত্তম তন্তবায়।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, ‘উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করতে পুলিশের হিমশিম খেতে হয়েছে। আহত পুলিশ সদস্য ও ব্যবসায়ীকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
