বিচারক নিয়োগে বিধিমালা দাবি আইনজীবী ঐক্যফ্রন্ট্রের

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০৫:২৮ পিএম

বিচার বিভাগের দুর্নীতি ও স্বজনপ্রীতি দূর করা এবং সংবিধান অনুসারে বিচারপতি নিয়োগে বিধিমালা প্রণয়নের দাবিতে ২৯ আগস্ট বেলা সোয়া একটায় সুপ্রিম কোর্টসহ সারা দেশের জেলা আইনজীবী সমিতিতে মানববন্ধন কর্মসূচি পালন করবে আইনজীবী ঐক্যফ্রন্ট।

আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘সম্প্রতি তিনজন বিচারপতিকে বিচারকাজ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কী অভিযোগ, তা এখনো পরিষ্কার নয়।’

জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সংগঠন নয় উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমরা চাই বিচার বিভাগ দুর্নীতিমুক্ত হোক। বিচারপতি নিয়োগে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে নিয়োগ প্রদান করা হোক। এ বিষয়ে আইনজীবী সমিতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা সরকারকে বারবার তাগাদা দিয়েছেন। কিন্তু সরকার ওই দাবিকে পাশ কাটিয়ে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ প্রদান করে। তাই জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট থেকে আমাদের জোর দাবি, দেশের সর্বোচ্চ আদালতে বিচারক নিয়োগে বিধিমালা তৈরি করে নিয়োগ করা একান্ত প্রয়োজন।’

তিনি বলেন, ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট সব দুর্নীতির বিরুদ্ধে। বিচারপতিরা যদি আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত হন সেটা যেমন দুর্নীতি, তাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব অর্পিত তা যথাযথভাবে পালন না করলে তাকেও দুর্নীতিগ্রস্ত বলা যাবে বলে মনে করি। কোনো বিচারপতি সংবিধান শপথের মাধ্যমে যে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন, তা যদি সঠিকভাবে পালন না করে সরকারের ইচ্ছার ওপর ভিত্তি করে ফরমায়েশি রায় প্রদান করেন, তিনিও দুর্নীতিগ্রস্ত বিচারপতি বলে আমরা মনে করি।’

বিচার বিভাগ থেকে জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সব ধরনের দুর্নীতির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত