বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে গত বছরের ১৬ সেপ্টেম্বর রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ চলচ্চিত্রের গুণীসব শিল্পী, কলাকুশলীদের উপস্থিতিতে ধুমধাম আয়োজনে ঘোষণা দেয়া হয়েছিল ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার। তিন দশক পর আবারও নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার আয়োজন করার খবরে শোবিজ অঙ্গনে অন্যরকম চাঞ্চল্য দেখা যায়। কিন্তু প্রতিযোগিতা শুরু হচ্ছে হচ্ছে করেও শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি ‘নতুন মুখের সন্ধানে’।
এদিকে প্রায় এক বছর পর আবারও নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতা আয়োজনের তোড়জোড় চলছে। এবার এই আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছে প্রযোজক সমিতিও।
পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানিয়েছেন, শিগগিরই ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার জন্য দুই সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা মিটিংয়ে বসবে। এই দুই সমিতিকে সার্বিক সহযোগিতা করবে এফডিসি কর্তৃপক্ষ।
জানা যায়, এ বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট সাত ক্যাটাগরিতে নতুন মুখ নেওয়া হবে। পরিবর্তন হতে পারে আগের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও টিভি চ্যানেলও।
