জয়পুরহাটে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০৪:০৩ পিএম

আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই উপজেলার কুসুমসারা এলাকায় সামছদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার রাতে কালাই উপজেলার মাত্রাই কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেড়া দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সমর্থকরা কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঘেরার জন্য বেড়া দিচ্ছিল, এ সময় আওয়ামী লীগ নেতা মাত্রায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আহত হয় কমপক্ষে ১০ জন। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে সামছুল ইসলাম নামে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

নিহত সামছদ্দিন কালাই উপজেলার কুসুমসাড়া গ্রামের মৃত বছির উদ্দিন সরদারের ছেলে।

ঘটনার পর রাতেই মাত্রায় ইউনিয়নের চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিক এর সমর্থক আব্দুল হান্নান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে কালাই থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর শনিবারে  এজাহারভুক্ত শামীম ও আব্দুর রশীদ, নাসির উদ্দীন ও রসুল নামে ৩ জনকে  চিকিৎসাধীন অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত