ভারতের গুজরাটের একটি আবাসিক সোসাইটি দলিত ও মুসলিম সম্প্রদায়ের লোকজনের কাছে সম্পত্তি বিক্রি না করতে সংগঠনের সদস্যদের ‘পরামর্শ’ দিয়েছে।
সংগঠনটির এ সংক্রান্ত বৈঠকের ‘আলোচ্যসূচি’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিতর্কের সৃষ্টি হয়।
গুজরাটের নরমাদা জেলার নন্দদ তালুকার ভাদিয়া গ্রামের একটি আবাসিক কলোনিতে এ ঘটনা ঘটে বলে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস।
আসন্ন উৎসব পালনে সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মপরিকল্পনাসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই আলোচ্যসূচিতে সোসাইটির সম্পত্তি বিক্রির ওপর চাঁদা আরোপের কথাও বলা হয়েছে।
একই সঙ্গে এতে জোর দিয়ে বলা হয়, ‘সংগঠনের সদস্যরা অবশ্যই মুসলিম এবং ভাঙ্কার (দলিত) সম্প্রদায়ের কাছে সম্পত্তি বিক্রি থেকে অবশ্যই বিরত থাকবে।’
এ ‘বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের’ দাবি জানিয়ে দলিত সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল জেলার প্রধান সরকারি কর্মকর্তার (ডিসি) সঙ্গে দেখা করেছে। তারা একটি লিখিত অভিযোগও জমা দিয়েছে।
প্রতিনিধিদলের এক সদস্য বলেন, ‘আমরা ডিসিকে বিষয়টি তদন্ত করতে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এ ধরনের বৈষম্য ও ঘৃণা ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।’
ডিসি আই কে প্যাটেল বলেন, ‘আমরা যখন এ বিষয়ে ওই কলোনির কাছে জবাব চেয়েছি, তারা বলেছে এটা কেবল বৈঠকের আলোচ্যসূচি ছিল; সিদ্ধান্ত আকারে পাস হয়নি। সদস্যদের কাছ থেকে পাওয়া পরামর্শ অনুযায়ী ওই আলোচ্যসূচি প্রস্তুত করা হয়েছিল।’
তিনি বলেন, ‘আমরা এই জবাব গ্রহণ করেছি। তবে কোনো ধরনের বৈষম্যের ঘটনা ঘটলে সেটি তদন্ত করে দেখা হবে।’
আবাসিক সোসাইটির সভাপতি পিঙ্কাল প্যাটেল বলেন, ‘ওই আলোচ্যসূচি সোসাইটির কোনো রেজ্যুলেশন নয়। সদস্যদের চিন্তা-ভাবনা জানতে তাদের পরামর্শ অনুযায়ী ওই খসড়া আলোচ্যসূচি তৈরি করা হয়েছিল।’
সোসাইটির গঠনতন্ত্রে বলা হয়েছে, সোসাইটির বৈঠকে কোনো সিদ্ধান্ত পাস হলে সেটা মেনে চলা সব সদস্যের জন্য বাধ্যতামূলক।
