ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন রোববার সংবাদ সম্মেলনেই অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সফি উল্লাহকে করাণ দর্শানো নোটিশ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।
ডিএসসিসি নগর ভবনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণার পর উন্নয়ন কাজে গাফেলতির অভিযোগ এনে ওই প্রকৌশলীকে প্রথমে বরখাস্তের ও পরে কারণ দর্শানোর সিদ্ধান্ত জানান মেয়র।
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাঈদ খোকন দাবি করেন, ডিএসসিসির ৯০ ভাগ রাস্তা চলাচলের উপযোগী।
তবে তার দাবির বিষয়ে সাংবাদিক প্রশ্ন করলে মেয়র বলেন, ৯০ ভাগ রাস্তা চলাচলের উপযোগী না প্রমাণ দিতে পারলে আপনি যে পুরস্কার চাইবেন আমি দেব।
এরপর ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ ঢালীকে বলতে বলেন।
উপস্থিত কাউন্সিলর বলেন, আমার ১৭ নং ওয়ার্ডের কলাবাগান, আবাহনী গলি, বশির উদ্দিন জুতার গলি, শুক্রাবাদ, কাঁঠালবাগান ঢালে রাস্তার অবস্থা বেহাল।
এ সময় ওই অঞ্চলের নির্বাহী প্রকৌশলীর কাছে জবাব চান মেয়র।
অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সফি উল্লাহ বলেন, অতিবৃষ্টির কারণে এমন হয়েছে। তা ছাড়া রাস্তাগুলো আমাদের প্রকল্পে প্রক্রিয়াধীন রয়েছে।
মেয়র বলেন, ‘এতো দিন কেন প্রকল্প নেননি। নো নো এটা হতে পারে না। আপনাকে এখন থেকেই বরখাস্ত করা হলো’।
তবে প্রকৌশলী আবার বক্তব্য দিলে মেয়র সাঈদ খোকন তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
২০১৯-২০ অর্থবছরে তিন হাজার ৬৩১ কোটি টাকার বাজেট ঘোষণা করে ডিএসসিসি। করপোরেশনের ১৯তম সাধারণ সভায় অনুমোদনের পর এই বাজেট ঘোষণা করা হয়।
