উচ্চ শিক্ষায়তনগুলোকে সময়োপযোগী হওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল রবিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে সনাতনী চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু পুঁথিগত শিক্ষাদান নয়, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি গবেষণা ও ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। নতুন-নতুন আইডিয়া জেনারেট করতে হবে। সে জন্য অবকাঠামোগত উন্নয়নের চেয়ে জনকল্যাণকর গবেষণা ও প্রায়োগিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে।’ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৭তম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপমন্ত্রী।
টেকসই উন্নয়নে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অপরিসীম অবদান রয়েছে উল্লেখ করে নওফেল বলেন, রাজধানীকেন্দ্রিক নির্ভরতা কমিয়ে এনে সুষম ব্যবস্থার দিকে যেতে হবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিয়ে ভাবতে হবে। রাজধানীকে বাঁচাতে হলে দেশের অন্যান্য স্থানেও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে হবে। কারিগরি ও প্রযুক্তিক পরামর্শ সেবার ক্ষেত্রে বৈষম্য তৈরি হচ্ছে; সেটা থেকে বেরিয়ে আসতে হবে। সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অঞ্চলভিত্তিক অবদান রাখার তাগিদ দেন তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন, চুয়েটের উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম। ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ড. রনজিৎ কুমার সূত্রধর, ড. মো রবিউল আলম, ড. মুহাম্মদ কামরুজ্জামান, ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ।
