ফুটবল ক্যাম্পে কঠোর অনুশাসন জারি কোচের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৮ এএম

সোমবার ভোরে তাজিকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুশানবেতে ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে সেখানকার জল-হাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগে চলে গেছে দল। সোমবার বিকেলে গা গরমও করেছেন ফুটবলাররা। এর আগেই টিম হোটেলে দল নিয়ে বৈঠকে ইংলিশ কোচ জেমি ডে সাফ জানিয়ে দিয়েছেন এই ক্যাম্পে ফুটবলারদের থাকতে হবে শৃঙ্খলাবদ্ধ। এমনিতে টিমের এই সভার কথাবার্তা বাইরে আসার কথা নয়। কিন্তু দলের সঙ্গে যাওয়া এক কর্মকর্তার পাঠানো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কোচ খেলোয়াড়দের দিয়ে দিচ্ছেন কঠোর বার্তা, ‘হোটেলে সবার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। নিজ নিজ কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, মেঝেতে যেন কোনো ময়লা-আবর্জনা না দেখি। কোনো কক্ষ থেকে যেন ধূমপানের গন্ধ না পাওয়া যায় এবং কারও কক্ষে যাতে কোনো মদের বোতল (হুইস্কি) না দেখি।’ বাংলাদেশের ফুটবলারদের এই অনুশাসনে রাখাটা জরুরি এটা হয়তো অতীত থেকেই শিক্ষা নিয়েছেন জেমি ডে। অতীতে জাতীয় দলের ক্যাম্পে মদ্যপানের মতো শৃঙ্খলাভঙ্গের একাধিক ঘটনা ঘটেছিল, যা হয়তো হুঁশিয়ার করে দিয়েছে কোচকে। আজ তার শিষ্যরা বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিস্বরূপ একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে স্থানীয় শীর্ষ লিগের দল এফসি কুকতোসের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত