বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত, গাড়িতে আগুন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:২০ পিএম

চুয়াডাঙ্গায় দ্রুতগামী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। আহত ওই চালকের নাম আশরাফুল ইসলাম পলাশ (৩৪)।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ জনতা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সড়কে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে সব ধরনের যান চলাচল। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি এলাকার মুকুল মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম পলাশ নিজেও একজন গাড়ি চালক। মঙ্গলবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন তিনি। সকাল সাড়ে ৭টার দিকে শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সড়কের উল্টো দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

এতে গুরুতর আহত হয় পলাশ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।

এদিকে, দুর্ঘটনার পর পরই আহত পলাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাসটি। সড়কে ব্যারিকেড দিয়ে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বন্ধ করে দেয় সব ধরনের যান চলাচল।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।

স্থানীয় বাসিন্দা খালিদ মন্ডল জানান, মেহেরপুর থেকে বরিশালগামী আলসানী পরিবহন নামে যাত্রীবাহী ওই বাসটির গতি ছিল বেপরোয়া। তাছাড়া বাসটি সড়কের লেন পরিবর্তন করে উল্টো পথে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, বাসটির বেপরোয়া গতি ও উল্টো পথে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আমরা বাসটির চালক ও হেলপারকে আটকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত