মানবাধিকার সংস্থার স্টিকার লাগানো গাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ হাজারের বেশি ইয়াবা জব্দ করেছে র্যাব। গতকাল বুধবার দুপুরে পটিয়ার আমজুর হাট এলাকায় একটি প্রাইভেট কার থেকে সংস্থার সভাপতি পরিচয় দেওয়া এক ব্যক্তি ও তার গাড়ির চালককে আটক করা হয়। আটক নাছিবুর রহমান প্রকাশ নাছিব (৪২) নিজেকে সোসাইটি ফর এস্টাবলিশমেন্ট অ্যান্ড ইমপ্লিমেনটেশন অব হিউম্যান রাইটস নামে একটি সংগঠনের ঢাকার সভাপতি পরিচয় দেন। তিনি ফরিদপুর সদর উপজেলার শফি উদ্দিনের ছেলে। গাড়িচালক মো. রাশেদ (২৭) পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকার মো. আলমগীরের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমান জানান, তল্লাশিকালে প্রাইভেটকারে থাকা নাছিব নিজেকে মানবাধিকার সংগঠনের সভাপতি পরিচয় দেন। পরে ল্যাপটপ, সাউন্ড বক্স ও ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৬০ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে জুবিলী রোড এলাকার হোটেল আল ফয়সাল ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে ৯ হাজার ২৭০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে র্যাব।
×
