জয়পুরহাট সদর উপজেলার ভাদসার ভগবানপুর এলাকায় ১৮ মাসের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির কাজের লোকের বিরুদ্ধে। নিহত শিশু সিয়াম পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামের ইউসুফের ছেলে।
বৃহস্পতিবার সকালে এলাকাবাসী শিশুটির ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এলাকাবাসী জানায়, জগদীশপুর গ্রামের সিয়ামের বাবা ইউসুফের বাড়িতে নাসিম নামে এক ব্যক্তি কাজ করতেন। সেই সুবাদে গত বুধবার বিকেলে সিয়ামকে কোলে নিয়ে নাসিম ঘুরতে বের হয়। তারপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। স্থানীয়ভাবে এলাকায় মাইকিং করেও তাদের খোঁজ মেলেনি।
বৃহস্পতিবার ভোরে ভগবানপুর এলাকায় একটি পুকুরে জাগ দেওয়া পাটের কাজ করার সময় ক্ষত-বিক্ষত অবস্থায় শিশুটির লাশ এলাকাবাসী দেখতে পায়। খবর পেয়ে পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এদিকে এলাকাবাসী এদিন বেলা ১১টার দিকে অভিযুক্ত নাসিমকে ওই এলাকায় ধরে পুলিশের হাতে তুলে দেয়।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রায়হান আলম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরে গ্রামবাসীর সহযোগিতায় অভিযুক্ত নাসিমকে ওই এলাকা থেকে আটক করা হয়েছে। শিশুটির হত্যার কারণ এখনো জানা যায়নি।’
