চাঁপাইনবাবগঞ্জ রেজিস্ট্রি অফিস

দলিলে ঘষামাজার দায়ে যুবলীগ নেতাসহ দুজনের অর্থদন্ড

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১১ এএম

চাঁপাইনবাবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের ভলিউম লেখার কক্ষে ঢুকে দলিলে ঘষামাজা (ট্যাম্পারিং) করার দায়ে এক যুবলীগ নেতাসহ দুজনকে ভ্রাম্যমাণ আদালতে ৮০ হাজার টাকার অর্থদন্ডের আদেশ দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিস ও সদর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহরিয়ার প্রামাণিক শিমুল (২৭) ও সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আবদুর রব (২৯)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি ইদ্রিস আলী জানান, সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের ভলিউম রুমে ঢুকে দলিল ট্যাম্পারিং করা হচ্ছে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেনের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

পুলিশ জানায়, সাব-রেজিস্ট্রি অফিসের সিসি ক্যামেরার ফুটেজে দলিল ট্যাম্পারিংয়ের সত্যতা পাওয়া যায়। সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আদালতের বিচারক ইউএনও আলমগীর হোসেন শাহরিয়ার প্রামাণিককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদন্ড ও আবদুর রবকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত