ভলিবল খেলার সময় শিক্ষার্থীদের সংঘর্ষে শিক্ষকসহ আহত ৬

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪১ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ে ভলিবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৬ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার দুপুরে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় ও শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে।

আহত অবস্থায় ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. মহসিন, সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. রাজ্জাক, দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত, রাকিব হোসেন ও নবম শ্রেণির শিক্ষার্থী মো. নাঈমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন প্রতিযোগিতার ভলিবল ফাইনাল খেলায় ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে।

এতে ক্ষুব্ধ হয়ে শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বী ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলা চালালে শিক্ষার্থীদের দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী বলেন, মারামারির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে শান্ত পরিবেশ বিরাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত