জামালপুরের বকশীগঞ্জে ট্রাকের ধাক্কায় শফিকুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হজরত আলী জানান, শফিকুল ইসলাম মোটরসাইকেলে করে রামরামপুর থেকে ষাড়মারা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় গোপালপুর বাজারের কাছে বকশীগঞ্জ থেকে ষাড়মারাগামী একটি ট্রাককে অতিক্রম করতে যায়। এ সময় ট্রাকের পেছনের অংশের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শফিকুল ইসলামের (৩০) মৃত্যু হয়। ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।
নিহত শফিকুল ইসলাম বগার চর ইউনিয়নের রামরামপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। রামরামপুর গ্রামে তার মুদির দোকান ছিল।
