ঝালকাঠির রাজাপুর উপজেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে গত রবিবার হঠাৎ পরিদর্শনে গিয়ে হতাশা প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পরে রাতে এ ব্যাপারে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন জেলা প্রশাসক।
সোমবার রাত ১২টা ১৮ মিনিটে দে্ওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ঝালকাঠির ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে খুবই মর্মাহত হই। একটি দাখিল মাদ্রাসার ২টি শ্রেণিতে একজন করে, একটিতে চারজন, একটিতে ছয়জন, একটিতে সাতজন এবং একটি শ্রেণিতে কোনো ছাত্রছাত্রী উপস্থিতি পাওয়া গেলো না।’
তিনি লিখেছেন, ‘চারজন শিক্ষকের একটি সরকারি প্রাইমারি স্কুলে মোট ছাত্রছাত্রী ৭২ জন। অন্য আর একটি স্কুলের অবস্থাও একই রকম। একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থাও ভালো কিছু পেলাম না। ক্লাসের সময়ে শিক্ষক না থাকায় ছাত্ররা বাইরে ঘোরাঘুরিতে ব্যস্ত। একটি সরকারি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষককে পাওয়া গেলো না, শুনলাম তিনি কেনাকাটা করতে বরিশালে গেছেন। শিক্ষা অফিসার জানালেন তিনি (শিক্ষক) কারও কাছ থেকে কোনো ছুটি বা অনুমতি নেননি।’
জেলা প্রশাসক আরও লিখেছেন, ‘রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য জনগণের লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে। অথচ শিক্ষার হাল হলো এই। কী আর করা! দেখা যাক সকলে মিলে এর কিছুটা উন্নতি করা যায় কি-না?’
জেলা প্রশাসকের এ স্টাটাসের নিচে অনেকেই কমেন্ট করেছেন। শহিদুল ইসলাম পলাশ নামে একজন লিখেছেন, জেলার মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা আরও করুন। আশা করি আপনি জনস্বার্থে এই অভিযান অব্যাহত রাখবেন।
শেখ সবুজ নামে একজন লিখেছেন, সর্ষের মধ্যে ভূত আগে তাড়াতে হবে তারপর এমনই সব ঠিক হয়ে যাবে।
মেজবাহ উদ্দিন খান নামে একজন লিখেছেন, ঝালকাঠীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে বাস্তব অবস্থা আপনি স্বচক্ষে দেখেছেন। সবাইকে অবগত করা যেমন আপনার দায়িত্ব ঠিক এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াও জরুরি।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসক রোববার রাজাপুর উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়, জীবনদাসকাঠি দাখিল মাদ্রাসা, জীবনদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের একটি সূত্র জানায়, জেলা প্রশাসক মো. জোহর আলী ওই ৭টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই ৭টি প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
