মাদারীপুর মহিষেরচর এলাকায় তিন পরিবারের বসতঘর ভাঙচুর করে নারীসহ ছয়জনকে পিটিয়ে আহত করেছে বলে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। আহতদের সদর হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে ছাত্রলীগের এই নেতা হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
হামলায় আহতার হলেন, নারগিস বেগম (৩২), রাজীব শিকদার (৩০), নান্টু শিকদার (৩৫), হাবি মুনশি (৩৬), হামায়ন খান (৪০) ও হারুণ শিকদার (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ নেতা বায়েজিদ হাওলাদারে সঙ্গে একই এলাকার রাজীব শিকদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও কয়েকবার দুই পক্ষের সঙ্গে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরই সূত্র ধরে মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা বায়েজিদ হাওলাদারের সমর্থকরা রাজীব শিকদারের ওপর হামলা চালায়। পরে তারা রাজীব ও নান্টুর বসতঘর-দোকান ভাঙচুর করে। হামলাকারীদের বাধা দিতে গিয়ে আহত হন ছয়জন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার বলেন, ‘এলাকায় আমার সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব নেই। আমি কোনো হামলার সঙ্গে জড়িত নই। রাতে এলাকার কয়েকজন ছেলে মারপিট করেছে, আমি ওদের কাছে গিয়ে মিলিয়ে দিয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।’
