প্রতিপক্ষ থাইল্যান্ড শক্তিতে অনেক এগিয়ে। তার উপর টুর্নামেন্টের স্বাগতিকও। তবে সেই দলের বিপক্ষে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে নিজেদের মিশন শুরুর আগে আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ শিবির। এমনকি থাইল্যান্ডকে হারানোর লক্ষ্যের কথাও বলছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে চনবুরিতে বাংলাদেশ ও থাইল্যান্ড ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়।
বয়স ভিত্তিক ফুটবলে মেয়েদের এশিয়ার সেরা ৮ দল লড়াইয়ে টানা দ্বিতীয়বারের মতো খেলছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও জাপান ও অস্ট্রেলিয়া। ‘বি’ গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন ও ভিয়েতনাম।
এই আসর অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের বাছাই পর্বও। এখান থেকে তিনটি করে দল সুযোগ পায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে। তবে এবারের আসর থেকে বিশ্বকাপের টিকিট পাবে দুটি দল। কেননা ২০২০ সালে হতে যাওয়া আসরে আয়োজক হিসেবে সরাসরি খেলবে ভারত।
বাংলাদেশের গ্রুপে থাকা তিন দলই শক্তিতে বেশ এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ৮, জাপান ১১ ও থাইল্যান্ড আছে ৩৯তম স্থানে। আর বাংলাদেশের অবস্থান ১৩০। তবে ফিফা র্যাঙ্কিং হয়ে থাকে সিনিয়র পর্যায়ের পারফরম্যান্সে। বয়সভিত্তিক পর্যায়ে তাই শক্তির ব্যবধানটা সিনিয়র পর্যায়ের মতো অত বেশি হয় না।
আর বাংলাদেশের মেয়েরাও একসঙ্গে প্রস্তুতি নিচ্ছে দীর্ঘ দিন ধরে। তাই থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচটা ফিফটি ফিফটি হবে বলে বিশ্বাস পাচ্ছেন বাংলাদেশ কোচ।
গোলাম রব্বানী ছোটন থাইল্যান্ডকে দেশ রূপান্তরকে বললেন, ‘থাইল্যান্ড স্বাগতিক দল। তারা সব সুবিধাই পাবে। গ্যালারির সাপোর্ট পাবে। তবে ভালো দিকগুলো আমাদের মেয়েরা গেল কিছুদিনে স্বাগতিকদের হারানোর অভিজ্ঞতা অর্জন করেছে। বাছাই পর্বে মায়ানমারকে আমরা তাদের মাঠে হারিয়েই চূড়ান্ত পর্বে উঠেছি। এ ছাড়া ভুটানের মাটিতে ভুটানকে হারিয়ে মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে। আমি বলব সেই চাপ সামলানোটা মেয়েরা শিখেছে। সব মিলে আমি বলব ফিফটি ফিফটি ম্যাচ হবে।’
টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ১০ দিন আগেই থাইল্যান্ডের পৌঁছায় বাংলাদেশ। উদ্দেশ্যে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। সেই দিক নিয়েও খুশি মারিয়া মান্দা, আঁখি খাতুনদের কোচ। বাংলাদেশ দল ৫ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডে প্রস্তুতি নিয়েছে। তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে দুটিতে জয় ও একটিতে ড্র করে। যে ম্যাচটি ড্র করেছে সেটির প্রতিপক্ষ ছিল আবার স্থানীয় বিশ্ববিদ্যালয় (সিনিয়র দল) দল।
তবে প্রস্তুতি ম্যাচে মনিকা চাকমা ও তহুরা খাতুনের ইনজুরি কিছুটা শঙ্কা তৈরি করে। ছোটন জানালেন তার দলের সেরা দুই তারকাকে থাইল্যান্ড ম্যাচ থেকেই পাচ্ছেন, ‘মনিকা ও তহুরা অনুশীলন ম্যাচে ইনজুরিতে পড়ে। তবে এখন তাদের নিয়ে কোনো শঙ্কা নেই। দুজনই পুরো সুস্থ। কাল ওরা মাঠে নামবে।’
দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। বাংলাদেশের জন্য সেই পথের স্বপ্ন দেখা কঠিনই। তবে মাঠে নামার আগে হেরে যাওয়ার মতো মানসিকতা নেই এই মেয়েদের। ছোটন তাই বলে দিলেন, ‘আমরা এ ম্যাচে (থাইল্যান্ডের বিপক্ষে) জয়ের জন্যই মাঠে নামব।’
২০১৭ সালে প্রথমবার অংশ নিয়ে তিন ম্যাচের তিনটিতেই হারে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল কৃষ্ণা-সানজিদারা। ২-১ গোলে এগিয়ে থেকেও অবশ্য ম্যাচটা পরে হারতে হয় ৩-২ ব্যবধানে। তবে শক্তিশালী দলগুলোকে হারানো বা তাদের সঙ্গে লড়াই করা যে সম্ভব, সেই ম্যাচটিই যেন তার উদাহরণ।
আর মারিয়া-তহুরাদের মাঠের নৈপুণ্যও তো জাগানিয়াই।
