গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর র্যাবের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রায়সাহেব বাজার মোড়ে ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এ সময় ঢাকা-মাওয়া সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, র্যাব যদি তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেয় তাহলে তারা সকল ক্লাস-পরীক্ষা বর্জন করে রাস্তায় নামবে। তবে প্রক্টরের আশ্বাসে আজকের দিনের মতো ক্যাম্পাসে ফিরে আসেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর মোস্তফা কামাল বলেন, র্যাব দুপুর একটা পর্যন্ত সময় নিয়েছে। এর মাঝে তারা এসে ছাত্র প্রতিনিধি, ভিসি ও র্যাবের প্রতিনিধি একসাথে বসে এর সমাধান করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উত্তরণ-২ নামে বাসটি সায়দাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছানোর পর র্যাব-১০ এর গাড়ি (ঢাকা মেট্রো চ- ৫৩২২৩৭) রাস্তায় দাঁড় করিয়ে লোক নামাতে শুরু করে। বাসের শিক্ষার্থীরা তাদের গাড়ি সরিয়ে সাইড দিতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে র্যাব-১০ শিক্ষার্থীদের ধাওয়া করে এবং মারধর করে। এ সময় পাঁচ শিক্ষার্থী আহত হন।
