ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট পদ থেকে অব্যাহতি চেয়েছেন ছাত্রলীগের সভাপতি পদ থেকে অপসারিত হওয়া রেজওনুল হক চৌধুরী শোভন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে তিনি এ সম্পর্কিত একটি আবেদন পৌঁছে দেন।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক আহসান হাবিব কপিটি উপাচার্যের কার্যালয়ে নিয়ে যান।
আবেদনপত্রে ব্যক্তিগত কারণে সিনেটের দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এ সম্পর্কিত একটি আবেদন পেয়েছি। সেটি সংশ্লিষ্ট সভায় বিধি মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।
জুনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে পাঁচ সিনেট সদস্য নির্বাচিত করা হয়। এতে ডাকসুর বাইরে সিনেটের সদস্য হন বাংলাদেশ ছাত্রলীগের তখনকার সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।
পাঁচ সিনেট সদস্যের অন্যরা হলেন, ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী এবং ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার।
শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে পদচ্যূত হন রেজওয়ানুল হক শোভন এবং গোলাম রাব্বানী।
পরিবর্তে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে যথাক্রমে শোভন এবং রাব্বানীর স্থলাভিষিক্ত হন।
