সাঁথিয়ায় বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে আমরণ অনশনে বসেছেন এক কলেজছাত্রী। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা নতুনপাড়া গ্রামের আবুল কাশেমের বাড়িতে অনশনে বসেন তিনি। এদিকে তার আসার খবর পেয়ে প্রেমিক হাসান বাড়ি থেকে পালিয়ে যান।
শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রোজিনা খাতুনের অভিযোগ, প্রায় তিন বছর ধরে কাশেমের ছেলে হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হাসান তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও করেছে। সম্প্রতি তার বাড়ি থেকে হাসানের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। হাসানের বাবা-মা এতে অসম্মতি জানান। উপায় না পেয়ে তিনি প্রেমিক হাসানের বাড়িতে আমরণ অনশনে বসছেন। সাংবাদিকদের রোজিনা বলেন, ‘আমি এখান থেকে যাব না। বিয়ে না করলে আত্মহত্যা করব।’
কাশেমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েকদিন আগে মেয়েপক্ষ থেকে লোক এসেছিল। তখন ছেলেকে জিজ্ঞাসা করলে সে এই মেয়ের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে। পরে আমি তাদের ফিরিয়ে দিই। আজ (গতকাল) হঠাৎ মেয়েটি বাড়িতে এসে উঠেছে। মোবাইল ফোনে বিষয়টি জানতে পারলাম।’
রোজিনার নানা সিরাজউদ্দিন বলেন, ‘বিয়ের প্রস্তাব নিয়ে আমরা ওই বাড়িতে গেলে তারা ছেলে হাসানের সঙ্গে রোজিনার কোনো সম্পর্ক নেই বলে ফিরিয়ে দেয়। তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে উঠেছে আমার নাতনি।’
