হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া রজনীকান্তের

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১২ পিএম

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ‘এক দেশ এক ভাষা’ নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির প্রখ্যাত অভিনেতা রজনীকান্ত। 

শুধু হিন্দি কেন, কোনো ভাষাই ভারতবাসীর ওপর চাপিয়ে দেওয়া যাবে না বললেন এই দক্ষিণী সুপারস্টার।

আনন্দবাজার জানায়, বুধবার চেন্নাই বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রজনীকান্ত বলেন, “ভারতের মতো দেশে কেউ যে কোনো একটি ভাষা চালু করতে পারে না।”

গত ১৪ সেপ্টেম্বর হিন্দি দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, বিশ্বের কাছে ভারতের পরিচিতির জন্য একটি সাধারণ ভাষা থাকা দরকার। যেহেতু দেশে হিন্দি সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, তাই হিন্দিই হোক সেই ভাষা।

রজনীকান্ত বলেন, “শুধু ভারত কেন, যে কোনো দেশেই একটি সাধারণ ভাষার তত্ত্ব ঐক্য ও উন্নতির জন্য ভালো নয়। দুর্ভাগ্যজনকভাবে কেউ দেশে একটা সাধারণ ভাষা নিয়ে আসতে পারে না। আপনি কোনো ভাষাকে চাপিয়ে দিতে পারেন না।”

হিন্দির প্রসঙ্গে রজনীকান্তের মন্তব্য, “শুধু তামিলনাড়ু নয়, বিশেষ করে দক্ষিণের কোনো রাজ্যই এটা মেনে নেবে না। উত্তর ভারতের অনেক রাজ্যও এটা গ্রহণ করবে না।”

অমিত শাহের মন্তব্যের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জোরালো প্রতিবাদ উঠতে শুরু করে। বিজেপির এই হিন্দি তত্ত্বের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বুদ্ধিজীবী, লেখক ও শিল্পী মহলের অনেকেই। বিরোধী রাজনৈতিক দল ছাড়াও কর্ণাটকের বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও এই তত্ত্বের বিরুদ্ধে মত দিয়েছেন।

রজনীকান্তের মতো দক্ষিণী আরেক সুপারস্টার ও রাজনীতিবিদ কমল হাসানও বিজেপির হিন্দি নীতির বিরুদ্ধে সরব হয়েছেন।

দুই দিন আগে মাক্কাল নিধি মাইয়াম (এমএনএম) প্রধান কমল বলেন,‘‘ভারত দেশ যখন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, তখনই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। এখন কোনো শাহ, সুলতান বা সম্রাটের উচিত নয় সেটা পরিত্যাগ করা।’’

কয়েক মাস আগে জাতীয় শিক্ষা নীতিতে হিন্দি বাধ্যতামূলক করার ঘোষণার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ করেছিলেন কমল হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত