জাতীয় দলের জার্সিতে পাকিস্তান সফরে যারা আসতে চায় না তাদের পিএসএলে না রাখার দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল।
এ মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তবে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর থেকে শ্রীলঙ্কার প্রথম সারির ১০ ক্রিকেটার সরে দাঁড়িয়েছেন আগেই। কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে হবে লঙ্কানদের।
পাকিস্তানের প্রথমসারির প্রচারমাধ্যম জি স্পোর্টস-কে দেওয়া সাক্ষাৎকারে আজমল এ বিষয়ে কথা বলেন। তার দাবি, ‘আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নতি ঘটেছে। এরপরেও যখন শ্রীলঙ্কার ক্রিকেটাররা সফর থেকে সরে দাঁড়াল, তখন ভীষণ খারাপ লেগেছিল। আমাদের দেশের সরকার কখনো কোনো দেশকে খেলার জন্য আমন্ত্রণ জানায় না যদি না তারা নিরাপত্তা নিয়ে নিজেরাই এক শ শতাংশ নিশ্চিত হয়।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কড়া হওয়ার বার্তা দিয়ে আজমল বলেন, ‘যে শ্রীলঙ্কান কিংবা অন্য দেশের ক্রিকেটাররা পিএসএলে খেলতে আসে, তাদের জাতীয় দলের হয়েও পাকিস্তানে খেলা উচিত। কেউ খেলতে রাজি না হলে তাদের নাম পিএসএলের ড্রাফট থেকে বাদ দেওয়া হোক।’
সম্প্রতি পাকিস্তানি মন্ত্রী ফাওয়ান চৌধুরী মন্তব্য করেছিলেন, ভারতের প্ররোচনাতেই পাকিস্তানে খেলতে আসতে চাইছেন না শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এই যুক্তি অবশ্য উড়িয়ে দিচ্ছেন আজমল, ‘আমার কখনো এমনটা মনে হয় না। আমাদের সব সময়ে নেতিবাচক নয়, ইতিবাচক মানসিকতা নিয়ে এগোতে হবে। তবে আমাদের নিশ্চিত করতে হবে, পাকিস্তানে যে পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আয়োজন করা সম্ভব হয়।’
৪১ বছর বয়সী আজমল পাকিস্তানের হয়ে ৩৫টি টেস্ট, ১১৩টি ওয়ানডে ও ৬৪টি টি-টোয়েন্টি খেলেছেন। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হতে হয়েছিল এই অফব্রেক বোলারকে। এরপর আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ২০১৭ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেন আজমল।
