সরকারি দলের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা দুর্নীতিতে নিমজ্জিত মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনতো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে।
শনিবার সকালে ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা এখন দুর্নীতিতে নিমজ্জিত তারই কিছু প্রমাণ গত কয়েকদিন যাবৎ দেখছেন।’
তিনি বলেন, ‘যুবলীগ-ছাত্রলীগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা সবখানেই ভয়াবহ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। দেশের জন্য, জনগণের জন্য অত্যন্ত ভয়ংকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
জিয়াউর রহমান দেশে ক্যাসিনো চালু করেছেন- আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তারা এসব কথা বলে নিজেদের দোষ-ত্রুটি এড়িয়ে যেতে চায়। এমন না যে তারা কেউ জড়িত নেই; সবাই জড়িত আছে।’
‘এখনতো কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাচ্ছে। সুতরাং কারও নিস্তার নেই। জনগণের রোষের কাছ থেকে কেউ নিস্তার পাবে না’ হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘প্রমাণিত হয়ে গেছে আওয়ামী লীগ সরকার শুধু দুর্নীতি নয়, দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সকল কাঠামো ভেঙে দিয়েছে। সত্যিকার অর্থে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করেছে।’
এসময় তিনি আরও বলেন, ‘দুজন মেধাবী তরুণ ছাত্রদলের নেতা নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এই নেতৃত্ব দেশনেত্রী মুক্তির আন্দোলন ও গণতন্ত্র মুক্তি আন্দোলনে নিঃসন্দেহে সবচেয়ে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আমরা সবাই বিশ্বাস করি।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সদ্যবিলুপ্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব হাসান ও সাধারণ সম্পাদক আকরামুল আহসান, ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ কয়েক হাজার ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে সকাল সাড়ে ১০টায় মাজারে ফুল দেওয়ার কথা থাকলেও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দেরিতে আসায় তা শুরু হয় বেলা এগারো ১১টায়। বিএনপি মহাসচিবসহ বিএনপির সিনিয়র নেতারা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের আগে এসে অপেক্ষা করছিলেন।
