‘চাঁদাবাজ সিন্ডিকেট গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রধান বাধা’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:২২ পিএম

রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা চাঁদাবাজ সিন্ডিকেটকে গণপরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রধান বাধা হিসেবে উল্লেখ করে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন বলেছে, ‘এই সিন্ডিকেট নিজেদের স্বার্থে গণপরিবহনে নৈরাজ্য টিকিয়ে রাখছে। কারণ, শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। যত বেশি অব্যবস্থাপনা-নৈরাজ্য, তত বেশি অবৈধ উপার্জন—এটাই তাদের অপকৌশল’।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত ‘সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে বিলম্ব: জনমনে হতাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব অভিযোগ করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান।

বক্তব্যে বলা হয়, দেশে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটলে কিংবা কোনো দুর্ঘটনাকে কেন্দ্র করে জনবিক্ষোভ তৈরি হলে সরকার সড়ক নিরাপত্তার বিষয়ে তৎপরতা দেখায়। এরপর অন্য আরেকটি ঘটনা ঘটলে মানুষের মনোযোগ সরে যায়, সেই সঙ্গে সরকারের তৎপরতাও থেমে যায়। কিন্তু দুর্ঘটনা বিরামহীনভাবে ঘটতে থাকে। এভাবেই চলছে গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত