ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষককে শোকজ করা হয়েছে। গতকাল শনিবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আকস্মিক পরিদর্শনে গিয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন।
প্রতিমন্ত্রী প্রথমে মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে তিনি ৪২ শিক্ষকের মধ্যে হাজিরা খাতায় পাঁচজনের স্বাক্ষর পাননি। সাত দিনের মধ্যে শোকজের যথাযথ জবাব পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পরে সাংবাদিকদের জানান জাকির হোসেন।
এরপর তিনি সামাজিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে গিয়ে মাত্র চার শিক্ষক দিয়ে ১০-১২ শিক্ষার্থীর পাঠদান দেখে দুঃখপ্রকাশ করেন। সবশেষ ফকিরাপুল টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান প্রতিমন্ত্রী। এ বিদ্যালয়ে সাতজন শিক্ষক ও ১৪-১৫ শিক্ষার্থী পেয়ে ক্ষিপ্ত হন। শিক্ষকরা জানান, এলাকায় ভালো মানের স্কুল থাকায় সরকারি বিদ্যালয়ে ছেলেমেয়েরা ভর্তি হতে চায় না। এরপর শিক্ষার্থী বাড়ানোর বিষয়ে ব্যবস্থা নিতে টিঅ্যান্ডটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
