রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩২ এএম

রাজধানীর কুর্মিটোলা ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক তরুণ ও আট মাস বয়সের এক শিশু নিহত হয়েছে। গত শনিবার দিনগত রাত ১১টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত তরুণ (২২) ও গতকাল রবিবার যাত্রাবাড়ী ভাঙাপ্রেস এলাকায় নিহত হয় আট মাস বয়সী শিশু খাদিজা।

ক্যান্টনমেন্ট থানার এসআই আবু রায়হান জানান, শনিবার রাত ১১টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশের রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই নিহত হন ওই তরুণ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

অন্যদিকে, যাত্রাবাড়ী থানার এসআই হরিচাঁদ হাজরা জানান, ডেমরা কোনাপাড়া মেহেন্দিবাড়ি এলাকার রবিউল হাসানের একমাত্র সন্তান খাদিজাকে নিয়ে তার মা পারভিন আক্তার গতকাল রবিবার সকালে নারায়ণগঞ্জের পাগলায় মায়ের বাসায় যান। সকাল ১০টার দিকে সেখান থেকে ডেমরায় ফেরার পথে ভাঙাপ্রেস ময়লার রাস্তায় চলতে থাকা লেগুনায় ওঠার সময় মায়ের কোল থেকে সড়কে পড়ে যায় শিশুটি। পরে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত খাদিজাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত