বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করছে ধরিত্রী গ্রুপ অব বাংলাদেশ নামক একটি সংগঠন।
বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের দ্বিতীয় দিন থেকে সংগঠনটির ব্যানারে স্বাস্থ্যসেবা প্রদান করছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়টিতে একটানা ৫ম দিনের মতো চলমান আন্দোলন অনশন এবং আন্দোলন কর্মসূচিতে বিভিন্ন সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে এই মেডিকেল বুথ থেকে বিনামূল্যে প্রাথমিক ষধ, ও'আর'এস এবং আইভি স্যালাইন সরবরাহ সহ চিকিৎসা সেবা ওষুধ প্রদান করছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
এ উদ্যোগের ব্যাপারে সংগঠনের প্রতিষ্ঠাতা মো. গোলাম রাব্বানী বলেন, 'চলমান উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন এবং আমরণ অনশনরত শিক্ষার্থীরা না খেয়ে থাকার ফলে পানিশূন্যতাসহ বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন যার কারণে আমরা এই বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা অব্যাহত রেখেছি।'
উল্লেখ্য, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১৯ সেপ্টেম্বর বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও বাক স্বাধীনতাসহ নানা অভিযোগ এনে উপাচার্য অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। পরবর্তীতে এ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিছু অংশ এবং জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থন করেন।
