ঘুমন্ত স্বামীকে কুপিয়ে খুন করল তৃতীয় স্ত্রী!

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৪ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলায় শরিফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে তার তৃতীয় স্ত্রী বসিলা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্ত্রী মালেকা বেগমকে (২৮) আটক করেছে। যদিও আত্মরক্ষার জন্য স্বামীকে কোপ দিয়েছিলেন বলে মালেকা দাবি করেছেন।

রবিবার দিবাগত গভীর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় বালিয়া ইউনিয়নের বগুড়া পাড়ায় এ ঘটনা ঘটে । নিহত শরিফুল ওই ইউনিয়নের কুমারপুর গ্রামের নকিবর ইসলামের ছেলে। আটক মালেকা একই গ্রামের মজিবর রহমানের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রথম স্ত্রী মারা যাওয়ায় পরে দ্বিতীয় বিয়ে করে শরিফুল। দ্বিতীয় বিয়ের পরেও সংসারে বনাবনি না হওয়ায় ৪ বছর আগে মালেকাকে তৃতীয় বিয়ে করে শরিফুল। দুই স্ত্রীর কারণে তাদের পরিবারে সব সময় অশান্তি লেগে থাকে। তৃতীয় স্ত্রী মালেকা বেগমকে বালিয়া বগুড়া পাড়ায় ভাড়া বাড়িতে রাখত শরিফুল। দ্বিতীয় স্ত্রী থাকত শরিফুলের নিজ বাড়িতে।

রবিবার দিবাগত রাতে শরিফুল ইসলাম তৃতীয় স্ত্রীর ভাড়া বাড়িতে গেলে তাদের মধ্যে ঝগড়ার শুরু হয়। ওই রাতে মালেকার চিৎকারে এলাকাবাসী গিয়ে শরিফুলের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শরিফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ঝরনা বেগমের অভিযোগ, মালেকা তাকে পরিকল্পিত ভাবে খুন করেছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকতে পারে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত তার তৃতীয় স্ত্রী মালেকাকে আটক করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত