বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের পাসপোর্ট রি-ইস্যু করতে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে সোমবার শুনানি নিয়ে চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালকুদার। তিনি জানান, গত ২৯ আগস্ট এ সংক্রান্তে রুল যথাযথ ঘোষণা করে শিমুল বিশ্বাসের পাসপোর্ট রি-ইস্যু করার নির্দেশ দিয়ে রায় দেয় হাইকোর্ট। এরপর এ রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে চেম্বার আদালতে আবেদন করা হয়।
অমিত তালুকদার বলেন, ‘শিমুল বিশ্বাস তার পাসপোর্ট হারিয়ে গেছে উল্লেখ করে হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্ট রায়ে তার পাসপোর্ট রি-ইস্যু করার নির্দেশ দেয়। চেম্বার আদালতে আমরা যুক্তি দেখিয়েছি যে, পাসপোর্ট হারিয়ে গেলে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যায়। এর প্রেক্ষিতে প্রক্রিয়া শেষে নম্বরসহ নতুন পাসপোর্ট দেওয়া হয়। আর পাসপোর্টে ভুল ত্রুটি থাকলেই কেবল তা রি-ইস্যু করা যায়। চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেছেন।’
পাসপোর্ট হারিয়ে যাওয়ায় গত ৪ জুন নতুন পাসপোর্ট চেয়ে সংশ্লিষ্ট অফিসে আবেদন করেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস। এরপর তাকে জানানো হয়, তাকে পাসপোর্ট দেওয়া যায় কি-না তা বিবেচনা করতে পুলিশ সদর দপ্তরের মতামত জানতে চাওয়া হয়েছে। তবে, এ বিষয়ে কোনো মতামত না আসা এবং পাসপোর্ট না পাওয়ায় হাইকোর্টে রিট আবেদন করেন শিমুল বিশ্বাস।
