আবির্ভাবেই সিরিজ সেরা রহমানউল্লাহ গুরবাজ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৪ পিএম

দারুণ এক অর্জনই বলতে হবে। নিজের অভিষেক সিরিজেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ।

মঙ্গলবার মিরপুরে বৃষ্টির কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল হতে পারেনি। ফলে যৌথ চ্যাম্পিয়ন হয় দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও আফগানিস্তান। আসরে সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে ওঠে ১৭ বছর বয়সী রহমানউল্লাহর হাতে। এই সিরিজেই হয়েছিল তার আন্তর্জাতিক অভিষেক।

ডানহাতি ব্যাটসম্যান রহমানউল্লাহ ব্যাট হাতে ৪ ম্যাচে করেন ১৩৩ রান। গড় ৩৩.২৫, ফিফটি ছিল একটি। সমান গড় ও সমান ফিফটিতে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজার রানও ছিল সমান ১৩৩। তবে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন রহমানউল্লাহই। দলকে ফাইনালে ওঠাতে যে বড় ভূমিকা রেখেছেন। মাসাকাদজার জিম্বাবুয়ে সেখানে বাদ পড়ে লিগ পর্ব থেকেই।

সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহ ছিলেন মোহাম্মদ নবী। ৪ ম্যাচে ১৩০ রান তার। সর্বোচ্চ ৮০। সমান ম্যাচে এক ফিফটিতে ১২৬ রান করে মাহমুদউল্লাহ রিয়াদ আছেন চতুর্থ স্থানে। আর সমান ম্যাচে এক ফিফটিতে ৯৬ রান করে সাকিব আল হাসানের অবস্থান ছিল পঞ্চম।

বোলিংয়ে সর্বাধিক ৭টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তবে প্রথম স্থানটা আফগান স্পিনার মুবিজের। ৬টি করে উইকেট নিয়ে পরের স্থানগুলোতে আছেন যথাক্রমে ক্রিস এমপোফু, রশিদ খান ও কাইল জার্ভিস।

সিরিজসেরার পুরস্কার জেতা রহমানউল্লাহর অভিষেক জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ সেপ্টেম্বর ঢাকায়। ওই ম্যাচে ওপেনিংয়ে নেমে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে ইনিংসের প্রথম বলেই শূন্য রানে ফেরেন। জিম্বাবুয়ের বিপক্ষে পরের ম্যাচে খেলেন ৬১ রানের ইনিংস। আর বাংলাদেশের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৯ রান।

সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়ে রহমানউল্লাহ বলেন, ‘সিরিজ সেরা হতে পেরে খুব ভালো লাগছে। এটা আমার জন্য অনেক বড় একটি সিরিজ। আমি গর্বিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত