লঞ্চ থেকে পড়ে পদ্মা সেতু প্রকল্প শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৮ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে পদ্মার পানিতে পড়ে গিয়ে মো. দেলোয়ার হোসেন (৪০) নামে পদ্মা সেতু প্রকল্পের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এক লঞ্চ থেকে অন্য লঞ্চে যাওয়ার জন্য লাফ দিলে এ দুর্ঘটনা ঘটে।

দেলোয়ার লৌহজং উপজেলার মেদেনীমন্ডল গ্রামের মোবারক হোসেনের ছেলে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, দেলোয়ার পদ্মা সেতু প্রকল্পের চায়না মেজর ব্রিজ কোম্পানির তালিকাভুক্ত শ্রমিক।

বুধবার সকাল ৯টার দিকে শিমুলিয়াঘাটে এক লঞ্চ থেকে অন্য লঞ্চে যাওয়ার জন্য লাফ দিতে গেলে পা পিছলে নদীতে পড়ে যায়। তিনি নিখোঁজ হন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদ্মায় উদ্ধার তৎপরতা শুরু করে। বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় নৌ-ফাঁড়ি পুলিশের ডুবুরিদল শিমুলিয়াঘাট এলাকার পদ্মা থেকে তার মরদেহ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত