বেসামাল হয়ে পড়েছে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। দলটিতে নিয়ন্ত্রণহীন গণপদত্যাগ অব্যাহত থাকায় হতাশ হয়ে পড়েছেন নেতাকর্মীরা।
চলতি বছরের ১ মে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হয়। এর ৫ মাসের মাথায় গত ১১ সেপ্টেম্বর গঠন করা হয় মানিকগঞ্জের ৭টি উপজেলা এবং ২টি পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি। এসব কমিটি গঠনে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও কমিটির অন্য সদস্যদের মতামত উপেক্ষা করে পকেট কমিটি গঠনের অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে তিন দিন পর গত ১৪ সেপ্টেম্বর একাংশের নেতারা প্রেস ক্লাবে কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের দুদিন পর ১৬ সেপ্টেম্বর শিবালয় উপজেলার ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটির মধ্যে ২৩ জন এবং গত ২২ সেপ্টেম্বর মানিকগঞ্জ পৌরসভার ২৭ সদস্যের আহ্বায়ক কমিটির ১৭ জন গণপদত্যাগ করেছেন।
উপজেলা ও ২ পৌরসভার আহ্বায়ক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এবং পদত্যাগে এই দুঃসময়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে মানিকগঞ্জ জেলা কমিটি। এতে সাধারণ নেতাকর্মীদের মাঝে হতাশা নেমে আসছে। দলটির কেন্দ্রীয় কমিটি যখন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নিয়ে ভাবছে। তখন মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটিতে গণপদত্যাগের হিড়িক বইছে।
দলকে নতুন নেতৃত্ব ও গতিশীল করতেই কেন্দ্রীয় কমিটি মানিকগঞ্জের আফরোজা খান রিতা ও মইনুল ইসলাম খান শান্ত মিয়ার কমিটি ভেঙে চলতি বছরের পহেলা মে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে। এতে জামিলুর রশীদ খানকে আহ্বায়ক, আতাউর রহমান আতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং এস এ কবীর জিন্নাহকে সদস্যসচিব করে ৬৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে। এ কমিটিতে আগের কমিটির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান শান্তকে সাধারণ সদস্য রাখা হয়। মূলত তাদের সঠিক মূল্যায়ন না করার কারণেই বর্তমানে এমন অবস্থার জন্য দায়ী মনে করছেন দলের ত্যাগী নেতারা।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন, মে মাসের আহ্বায়ক কমিটি একটি সাধারণ সভাও করতে পারেনি। কোনো প্রকার আলোচনা ছাড়াই তাদের অনুসারীরা নিষ্ক্রিয়, আন্দোলনে পাওয়া যায় না, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলে।
১৬ সেপ্টেম্বর দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র দেন শিবালয় উপজেলা আহ্বায়ক কমিটি। এতে তারা উল্লেখ করেন, দলের ত্যাগী, পরীক্ষিত, জেলখাটা ও মামলার শিকার নেতাদের বঞ্চিত করা হয়েছে। এতে ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ২৩ জনই একযোগে পদত্যাগ করেন।
শিবালয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর যুগ্ম আহ্বায়ক সত্যেনকান্ত প-িত ভজন বলেন, যে আহ্বায়ক কমিটি করা হয়েছে তাতে দলের অভ্যন্তরে কোন্দল বেড়েছে।
এর ধারাবাহিকতায় গত রবিবার ২২ সেপ্টেম্বর পদত্যাগ করেছেন মানিকগঞ্জ পৌরসভা বিএনপির ২৭ সদস্যের আহ্বায়ক কমিটির ১৭ জন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক তোজাম্মেল হক তোজা বলেন, সাতটি উপজেলার মধ্যে ৬টি উপজেলাসহ মানিকগঞ্জ পৌর আহ্বায়ক কমিটির প্রায় সব সদস্য পর্যায়ক্রমে পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জামিলুর রশীদ খান বলেন, যারা সংবাদ সম্মেলন করেছেন তারাই দলের ভেতর ষড়যন্ত্রকারী। তাদের উসকানিতে কিছু সদস্য পদত্যাগ করেছেন।
