মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অ্যাকাডেমিক সুপারভিশন কার্যক্রম জোরদারকরণে প্রতি মাসে ন্যূনতম পাঁচটি ও সর্বোচ্চ ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ আদেশের ব্যত্যয় ঘটলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনায় বলা হয়। গতকাল বুধবার অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সব অঞ্চলের পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যপূরণের জন্য প্রয়োজন কার্যকর অ্যাকাডেমিক সুপারভিশন। এ লক্ষ্যে মাউশি অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন অফিসে কর্মরত রাজস্ব খাতভুক্ত কর্মকর্তারা ছাড়াও সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় কর্মকর্তারা কর্মরত আছেন। এসব কর্মকর্তা প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে নির্ধারিত ছকে অ্যাকাডেমিক সুপারভিশন প্রতিবেদন মাউশি অধিদপ্তরে দাখিল করেন।
