সোনাগাজীতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫১ পিএম

সোনাগাজীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে আহত কিশোর জিয়াউল হক শাকিল (১৭) মারা গেছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে সদর ইউপির নজরুল প্রাইমারী সংলগ্ন বালুর মাঠে ফুটবল খেলা চলার সময়  শাকিল ও বন্ধু নিলয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

তাদের মধ্যে ঝামেলার পর খেলা পণ্ড হয়ে যায়। পরে নিলয় মোবাইল ফোনে তার সহযোগীদের খবর দিলে ৪/৫ জন কিশোর ঘটনাস্থলে পৌঁছে শাকিলকে ঘিরে পেলেন।

এ সময় নিলয় তার কোমরে থাকা ছুরি বের করে শাকিলের পেটে ঢুকিয়ে দিলে ঘটনাস্থনে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। শাকিলের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে নিলয় ও তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়।

গুরতর আহত শাকিলকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে তার অবস্থার অবনতি হলে তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সুমন জানান, ময়নাতদন্তের পর বিকেলে তার লাশ বাড়িতে দাফনের পর মামলা দায়ের করা হয়।

নিহত শাকিল সোনাগাজী সদর ইউপির এক নাম্বার ওয়ার্ডের খায়েজ আহাম্মদ মৌলভি বাড়ির নুরুল হকের ছেলে। পেশায় তিনি বাসের হেলপার।

ঘটনায় অভিযুক্ত তার বন্ধু নিলয় (১৫) একই এলাকার হাত্তার বাড়ির ভুলু মিয়ার ছেলে। তারা পরস্পরের বন্ধু হিসেবে এলাকায় ঘনিষ্ঠভাবে চলাফেরা করতেন।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক নিলয় ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত