অ্যালপাইন গ্লোবাল টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয়মুখ’ । ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে আবর্তিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি । এটির গল্পে দেখা যাবে, আজাদ ও সোনিয়া অনেক দিন পর দেখা। অতীত সময়ের কথা ভেবে দুজনেই আবেগে মুহ্যমান। সময়ের ফেরে অনেক কিছুই হারাতে হয়। কিন্তু প্রিয় মানুষকে কেউ হারাতে চায় না। একটি ছোট ভুল দুজন মানুষকে আলাদা করে দেয়। এই ভুল কেন, কীভাবে হলো – কেউ বুঝতে পারে না। অথচ তাদের একটি সোনালি অতীত ছিল। একে অপরকে সারা জীবনের জন্য কাছে পাওয়ার ইচ্ছে ছিল। দুজন দুজনকে বুঝত। এত ভালো একটি সম্পর্ক ভেঙে যায় সামান্য একটি ভুলে। ভুল পেরিয়ে আজাদ সিদ্ধান্ত নেয় দুজন পালিয়ে যাবে। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা রাইসুল তমাল। গল্প বয়ান, সংলাপ ও নির্মাণে মুনশিয়ানা দেখিয়েছেন নির্মাতা। চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার।
আজাদ চরিত্রে আবু হুরায়রা তানভীর ও সোনিয়া চরিত্রে দোলন দে অভিনয় করেছেন। মিরাজ চরিত্রে অভিনয় করেছেন সুজন হাবিব।
