দুই মাসের বকেয়া বেতন ও ওভারটাইম দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছেন ওয়েলটেক্স গ্রুপের আদিব ডায়িং কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হলে অন্তত ১০ জন আহত হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গাজীপুরের শ্রীপুর মুলাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন শ্রমিকরা। আহত শ্রমিক পারুল ও রুমা জানান, কারখানায় তাদের আগস্ট এবং চলতি মাসের বেতন ও ওভারটাইম পাওনা। কর্র্তৃপক্ষ একাধিক তারিখ দিয়েও তা পরিশোধ করেনি।
গিভেন্সি শিল্পপুলিশ ক্যাম্পের ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, শ্রমিকরা প্রথমে কারখানায়, পরে দুপুরে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়। এ সময় ১০ রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, কর্র্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের ব্যবস্থা করা হবে। তবে কারখানা কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
